বাগানঘেরা বসতবাড়ি

পাঁচতলা বাড়ির ছাদ ও চারপাশে কার্নিশে সবুজ বৃক্ষরাজি। সফেদা, করমচা থেকে শুরু করে ডালিম, কামরাঙা, আমড়া, পেয়ারা, লেবু; চিচিঙ্গা, চালকুমড়া, করলা, বেগুন, ঢ্যাঁড়সগাছও আছে। মাঝে মাঝে রয়েছে কামিনী, আলমান্ডা, মাধবীলতা, গোলাপ, পাতাবাহারসহ রংবেরঙের ফুলের গাছ।
পুরান ঢাকার মীর হাজিরবাগ নতুন সড়কে গেন্ডারিয়ার ৯ নম্বর বাড়িতে গিয়ে সবুজের এ সমারোহ চোখে পড়ে। এই বাড়ির দুই, তিন, চার ও পাঁচতলার চারপাশের কার্নিশজুড়ে নানান প্রজাতির গাছ। গাছে পাখপাখালির ঝাঁক।
মাত্র ৬৬০ বর্গফুট আয়তনের একেক তলায় কার্নিশ ও জানালা বরাবর দেড় ফুট প্রস্থ ও চার ফুট দৈর্ঘ্যের কংক্রিট। তা মাটি ভরাট করা। সেই মাটিতে গাছ লাগানো। প্রায় একইভাবে ছাদের চারপাশে ও মাঝে লাগানো রয়েছে ফলদ, বনজ, সবজি ও ফুলগাছ। ফলের পাশেই থোক থোক সবজি ঝুলছে। কামিনী, মাধবীলতা, আলমান্ডা গাছে ফুটেছে বাহারি রঙের ফুল। পুরো বাড়িটিই যেন এক বাগানের ভেতরে গজিয়ে ওঠা।
২০১০ সালে এই বাড়ি নির্মাণের সময় নিজেই নকশা করেন মালিক সাইফুল ইসলাম চৌধুরী ওরফে কবির। ওই বছরই কংক্রিটের কার্নিশে মাটি ও গোবর সার এনে গাছ লাগানোর জায়গা প্রস্তুত করেন। কার্নিশ ও ছাদে গড়ে তোলেন বাগান। বাগানের কোনো কোনো গাছের বয়স চার থেকে পাঁচ বছর। প্রতি মৌসুমে এসব গাছে ফল ও ফুল হচ্ছে। এ ছাড়া সৌন্দর্য আরও বাড়াতে ২০১২ সালে বাড়ির সামনের সড়ক বিভাজনে (প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্য) প্রায় আড়াই লাখ টাকার ফল, ফুল, বনজ গাছসহ বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন সাইফুল। বড় বড় এসব গাছে সড়কটিকেই সবুজে ছেয়ে ফেলেছে।
এই বাড়ির তৃতীয় তলায় পরিবার নিয়ে আট মাস ধরে ভাড়া থাকেন রুজিনা সরকার। তিনি বলেন, ‘বাড়ির চারপাশে ফুল, ফলের বাগানের পরিবেশ আমাকে মুগ্ধ করে। রাতে গাছের শাখা-প্রশাখার ফাঁকফোকর দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকে মনোরম পরিবেশ সৃষ্টি করে। প্রকৃতির মাঝে এ যেন শূন্যে বসবাস, যা আমাকে খুব টানে। দিনে অন্যান্য বাড়ির তুলনায় এখানে তাপমাত্রা অনেক কম।
সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছোটবেলা থেকেই গাছের প্রতি তাঁর ভালোবাসা। তাই বাড়ি নির্মাণের পর বাগান করাই ছিল প্রথম কাজ। বাড়িতে লাগানো গাছ থেকে মৌসুমি ফলমূল খাওয়ার আনন্দই আলাদা। কিছু কিছু ফল ও সবজি সারা বছরই খাওয়া যায়। প্রতিদিন সকালে নিয়মিত বাগানে পানি দেন তিনি। সড়ক বিভাজকে লাগানো গাছগুলোরও যত্ন নেন। প্রয়োজন হলে গাছে কীটনাশক ছিটিয়ে পোকা দমন করা হয়। নিয়ম করে গাছের গোড়ায় জৈব সার দেওয়া হয়।