বাগানে পড়ে আছে ৩১৫ টন চা
অবরোধ ও হরতালের কারণে মৌলভীবাজারের জুড়ী ভ্যালির বিভিন্ন চা-বাগানে উৎপাদিত চা বিক্রির জন্য চট্টগ্রামের নিলাম বাজারে পাঠানো যাচ্ছে না। এসব বাগানে পড়ে আছে ৩১৫ টন চা। এতে ক্ষতির মুখে পড়েছেন চা-বাগানের মালিকেরা।
চা-বাগান মালিকপক্ষ সূত্রে জানা গেছে, জুড়ী ভ্যালিতে (জুড়ীসহ আশপাশের কুলাউড়া ও বড়লেখা উপজেলার বিভিন্ন চা-বাগানের সমন্বয়ে ওই ভ্যালি গঠিত) ২২টি চা-বাগান রয়েছে।
বছরের জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত চা উৎপাদনের ভরা মৌসুম। নিলাম বাজারে বিক্রির জন্য চা চট্টগ্রামের ব্রোকার হাউসে পাঠানো হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে অবরোধ ও হরতাল থাকায় সেখানে চা পাঠানো সম্ভব হচ্ছে না।
সর্বশেষ গত মঙ্গলবার চট্টগ্রামে চায়ের ২৯তম নিলাম বাজার অনুষ্ঠিত হয়। তবে অবরোধ ও হরতাল চলায় চট্টগ্রামের বাইরের ক্রেতারা ওই নিলামে অংশ নিতে পারেননি। নিলামে কেনার পর পাইকারি বাজারে চা বিক্রি হয়।
জুড়ীর কাপনাপাহাড় চা-বাগানের ব্যবস্থাপক কামরুল হাসান গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে জানান, অবরোধ ও হরতালের কারণে প্রায় এক মাস ধরে তাঁরা নিলাম বাজারে চা পাঠাতে পারছেন না। বর্তমানে তাঁদের বাগানে এক লাখ ৪০ হাজার কেজি চা মজুত আছে। এসব চা এত দিনে বিক্রি হয়ে যাওয়ার কথা। এ ছাড়া দীর্ঘদিন মজুত থাকার ফলে চায়ের গুণগত মান টেকানো কঠিন বলে তিনি মন্তব্য করেন। ধামাই টি কোম্পানির ধামাই চা-বাগানের ব্যবস্থাপক গোপাল শিকদার জানান, ধামাইসহ সোনারুপা ও আতিয়াবাগ নামে তাঁদের কোম্পানির তিনটি বাগান রয়েছে। বিক্রির অভাবে এসব বাগানে পৌনে তিন লাখ কেজি চা পড়ে আছে।
জুড়ী ভ্যালি চা সংসদের (চা-বাগানের মালিকপক্ষের সংগঠন) সাবেক সভাপতি ও বড়লেখার সমনভাগ চা-বাগানের ব্যবস্থাপক শাহজাহান আখন্দ প্রথম আলোকে বলেন, ‘এখন চায়ের ভরা মৌসুম। শীতে চায়ের চাহিদা থাকে বেশি। নিলাম বাজার থেকে খুচরা বাজার পর্যন্ত চায়ের বেচাকেনা এ সময়টায় বেশি থাকে। অবরোধ ও হরতালে একদিকে নিলাম বাজারে চা পাঠানো যাচ্ছে না, অন্যদিকে ক্রেতার অভাবে নিলাম বাজারও জমে উঠছে না। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে এ সমস্যা আরও বাড়বে।’