বাগানেই নষ্ট হচ্ছে ফুল দুশ্চিন্তায় চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে ফুলের ফলন ভালো হয়েছে। তবে টানা অবরোধ ও হরতালের কারণে ফুল পরিবহন করতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। চাহিদা না থাকায় বাগানেই ফুটে নষ্ট হচ্ছে ফুল।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার বন্দর উপজেলায় ফুলের ভালো ফলন হয়েছে। তবে হরতাল ও অবরোধের কারণে কৃষকেরা ফুল বিক্রি করতে পারছেন না। চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলাগাছিয়ার সাবদী, দিঘলদী, মাধবপাশা, শেলসারদি গ্রামে কৃষকেরা জমিতে ডালিয়া, চেরি, কাঠমালতি, জিপসি, রজনীগন্ধা, গাঁদাসহ বিভিন্ন ধরনের ফুল চাষ করেন। আগে এসব জমিতে আলু, সরিষা, গমসহ বিভিন্ন সবজির চাষ করা হতো। কিন্তু ফুলের চাহিদা বেশি হওয়ায় মুনাফাও বেশি। তাই এখানকার চাষিরা ফুল আবাদে আগ্রহী হয়ে ওঠেন। ১০ বছর ধরে এলাকার দেড় শতাধিক কৃষক প্রায় ৫০ হেক্টর জমিতে ফুল চাষ করে জীবিকা নির্বাহ করছেন। গত মৌসুমে কৃষকেরা ফুল বিক্রি করে প্রত্যাশা অনুযায়ী মুনাফা পেয়েছেন। এবার তাঁদের মধ্যে লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে। অবরোধ-হরতালে ফুলের সরবরাহ ও চাহিদা—দুটোই কমে গেছে। সেই সঙ্গে বেড়েছে পরিবহন ব্যয়। এতে চাষিরা পড়েছেন বিপাকে। ফুল না তোলায় বাগানেই ফুল ফুটে নষ্ট হয়ে যাচ্ছে।
ফুলচাষি শ্যামল দাস বলেন, তিনি এবার আড়াই বিঘা জমি বর্গা নিয়ে সেখানে ডালিয়া, গাঁদা, চেরি ও জিপসি ফুলের চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। কিন্তু হরতাল-অবরোধের কারণে ফুলের চাহিদা কমে গেছে। আগে একটি মিনি ট্রাকে রাজধানীর শাহবাগে ফুল পাঠাতে পরিবহন খরচ হতো পাঁচ হাজার টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০ থেকে ১২ হাজার টাকায়। চাষি আশোক আলী বলেন, ‘এবার লোকসান গুনতে হবে আমাদের। আগামীতে আমরা আর ফুল চাষ করব কি না সন্দেহ আছে।’
ফুল ব্যবসায়ী নকুল চন্দ্র হাওলাদার বলেন, তিনি বন্দর উপজেলার সাবদী এলাকার প্রথম ফুলচাষি। তিনি বর্তমানে ২৫ বিঘা জমিতে ফুলের চাষ করেন। আগে এক বিঘা জমিতে ফসল চাষ করে যে লাভ করতেন, এখন ফুল চাষে তার দ্বিগুণ লাভ হয়। তাঁর দেখাদেখি বন্দরের বিভিন্ন এলাকার শতাধিক কৃষক বাণিজ্যিকভাবে ফুল চাষ করে লাভবান হয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁদের মাথায় হাত পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুখরঞ্জন দাস বলেন, সাবদীতে ৫০ হেক্টর জমিতে ১৫০ জন চাষি বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে ফুলের চাহিদা দিন দিন বাড়ছে। তাই ফুল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে চাষিদের প্রশিক্ষণ ও নানা সহায়তা দেওয়া হচ্ছে। তবে হরতাল ও অবরোধের কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে ফুলচাষিদের আয় কমে যাবে।