বাগানেই ১০ মণ আম ধ্বংস
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে রাসায়নিক মেশানো ১০ মণ আম বিনষ্ট ও ব্যবসায়ী তেতুল মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আওয়াল বৃহস্পতিবার বিকেলে এই আদেশ দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) চুয়াডাঙ্গা ক্যাম্পের কয়েকজন সদস্য ক্রেতা সেজে সাদা পোশাকে ওই আমবাগানে যান। এ সময় প্রকাশ্যে রাসায়নিক মেশানোর দৃশ্য দেখে খবর দিলে উপপরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে র্যাবের সদস্যরা সেখানে পৌঁছান এবং রাসায়নিক মেশানো ১০ মণ আম জব্দ করেন। খবর পেয়ে নির্বাহী হাকিম ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আওয়াল রাসায়নিক মেশানো সব আম বিনষ্ট এবং ব্যবসায়ী তেতুল মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। আদেশের পর আমগুলো মাটিতে ঢেলে তার ওপর গাড়ি চালিয়ে বিনষ্ট করা হয়। তেতুল মিয়া জরিমানার টাকা নগদ পরিশোধ করে রেহাই পান।