বাগানের জন্য বন্দোবস্ত জমিতে স্থাপনা নির্মাণ, কাটা হচ্ছে গাছ
ঢাকার আশুলিয়ায় ফলের বাগান করার কথা বলে নেওয়া ছয় বিঘা জমিতে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি আগে লাগানো গাছ কেটে ফেলা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বিবরণ অনুযায়ী, ফলের বাগান করার জন্য ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার কবিরপুর মৌজার খাস খতিয়ানভুক্ত (আরএস ৩৮১ নম্বর দাগ) প্রায় ছয় বিঘা (১ দশমিক ৯৬ একর) জমি জিকে এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া হয়। ২০০৩ সালের ২৮ জুলাই ঢাকা জেলার তৎকালীন জেলা প্রশাসক জিকে এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা অংশীদার গাজী মো. করিমকে ওই জমি রেজিস্ট্রি (দলিল নম্বর-১৩১২৮) করে দেন। এ জন্য ওই প্রতিষ্ঠান থেকে জমির মূল্য বাবদ আদায় করা হয় ১৫ লাখ এক হাজার ২৭৫ টাকা ৬০ পয়সা, যা তৎকালীন বাজারমূল্যের চেয়ে অনেক কম। বর্তমানে ওই এলাকার প্রতি শতাংশ জমির দাম নয় থেকে ১০ লাখ টাকা। এই হিসাব অনুযায়ী, বর্তমানে ওই জমির মূল্য ১৫ কোটি টাকা।বন্দোবস্ত দেওয়া ওই জমির অবস্থান নবীনগর-কালিয়াকৈর সড়কসংলগ্ন কবিরপুর ফিলিং স্টেশনের উল্টো দিকে আশুলিয়ার সীমান্তবর্তী এলাকায়; যা অতি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। বন্দোবস্তের শর্তানুযায়ী, জমির আকার পরিবর্তনসহ কোনো স্থাপনা তৈরি বা গাছ কাটার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এ ছাড়া বন্দোবস্ত পাওয়ার পর ওই জমিতে ফলের বাগান করার কথা। কিন্তু সপ্তাহ খানেক আগে ওই জমিতে গিয়ে দেখা যায়, কাঁটাতার দিয়ে ঘেরা জমির ওপর কেটে স্তূপ করে রাখা হয়েছে বেশ কিছু আকাশমণি গাছ। এক কোণে নির্মাণ করা হচ্ছিল আধাপাকা স্থাপনা। কেটে ফেলা হচ্ছিল স্থাপনার পাশের বাকি গাছগুলো। কোনো ফলের গাছের অস্তিত্ব সেখানে খুঁজে পাওয়া যায়নি। জমির দেখভালের দায়িত্বে থাকা আবদুল বারেক শিকদার জানান, জমির ওপর কিছু একটা করার জন্য সব গাছ কেটে বিক্রি করা হয়েছে। বন্দোবস্ত পাওয়ার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব গাছ রোপণ করা হয়েছিল। আর স্থাপনা নির্মাণ করা হচ্ছে কর্মচারীদের থাকার জন্য। তিনি জানান, গাজী মো. করিমের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। তিনি জমি ও ফ্ল্যাটের ব্যবসা করেন। সরকারি দলের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। ওই এলাকার নাজিম উদ্দিন ও আনোয়ার হোসেনসহ কয়েকজন জানান, তাঁরা এত দিন জমিটা বন বিভাগের বলেই মনে করতেন। দীর্ঘদিন ধরে ওই জমির ওপর অনেক গাছ দেখে আসছিলেন। গাজী মো. করিম ও তাঁর লোকজন সম্প্রতি গাছগুলো কেটে ফেলেছেন। জিকে এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা অংশীদার গাজী মো. করিম বলেন, ‘বাগানবাড়ি করার জন্য আমি সরকারের কাছ থেকে ওই জমি স্থায়ীভাবে বন্দোবস্ত নিয়েছি।’ স্থাপনা তৈরি ও গাছ কাটার অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত নেই, এটা বুঝবে ভূমিসচিব ও স্থানীয় প্রশাসন।’ ফলের বাগান না করা প্রসঙ্গে তিনি বলেন, নানা ঝামেলার কারণে বাগান করা সম্ভব হয়নি। খুব শিগগির সেখানে ফলের চারাগাছ রোপণ করা হবে। যোগাযোগ করা হলে সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামন বলেন, ‘আমি সম্প্রতি সাভারে যোগ দিয়েছি। তাই খোঁজখবর নেওয়া ছাড়া আমার পক্ষে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়।’ সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বন্দোবস্তের শর্ত ভঙ্গকারী যে-ই হোক না কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি খোঁজ নিয়ে খুব শিগগির আইনানুগ পদক্ষেপ নেব।’