বাগিচা ঝিল সংস্কার করে বিনোদন কেন্দ্র হবে

২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন মো. হামিদুল হক। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
হামিদুল হক বলেন, দীর্ঘদিন ধরে তাঁর ওয়ার্ডের ওই এলাকাগুলোতে দিনের বেলা গ্যাস থাকে না। এতে নাগরিকদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডকে জানানো হয়েছে। কয়েক দিন ধরে তা সমাধানে কাজ চলছে।
হামিদুল হক বলেন, উত্তর শাহজাহানপুরে আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণায়ের একটি জায়গা চেয়ে আবেদন করা হয়েছে। জায়গাটি পেলে ডিএসসিসির নিজস্ব অর্থায়নে কমিউনিটি সেন্টারের পাশাপাশি ব্যায়ামাগার, গ্রন্থাগার ও এর ছাদে সুইমিং পুল নির্মাণ করা হবে।
কাউন্সিলর বলেন, তাঁর ওয়ার্ডে নিয়মিত মশার ওষুধ ছিটানো হয়। তবে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ওষুধ ছিটাতে গড়ে সাত দিন সময় লাগে। তিনি বলেন, খিলগাঁও বাগিচা ঝিলটি সংস্কার করে একটি বিনোদনকেন্দ্র তৈরি করতে ডিএসসিসির মেয়রকে জানানো হয়েছে। এ ছাড়া রেললাইনে মাদক সেবন ও বিক্রি বন্ধে সম্প্রতি কয়েকটি সমাবেশ করেছেন তিনি। এখন রেললাইনে মাদক কমে গেছে।
হামিদুল হক বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর পর তাঁর ওয়ার্ডের সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ভাঙাচোরা সড়ক ও ফুটপাত সংস্কার করা হয়েছে। জলাবদ্ধতা কমাতে খিলগাঁও রেলগেট থেকে রাজারবাগ পর্যন্ত ড্রেনেজ সংস্কার ও নির্মাণ করা হয়। ইতিমধ্যে মহল্লার প্রতিটি অলিগলিতে ৫৮০টি এলইডি বাতি লাগানো হয়েছে। এখন একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।