কুষ্টিয়া ও সুন্দরবনে র্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। তবে র্যাবের দাবি, তাঁরা বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। কুষ্টিয়ার ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে। নিহত ব্যক্তির নাম রইচ উদ্দিন। র্যাবের দাবি, তিনি চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা। আর বাগেরহাটের ঘটনাটি গত সোমবার দুপুরের। সেখানে নিহত দুজনের পরিচয় মেলেনি। র্যাবের দাবি, তাঁরা বনদস্যু।কুষ্টিয়া: র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের মেজর কামরুজ্জামানের ভাষ্যমতে, জাসদ গণবাহিনীর নেতা রইচ উদ্দিন নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সাত-আটজন সঙ্গী নিয়ে মধুপুর আখ সেন্টারের পাশে গোপন বৈঠক করছেন—এমন খবরের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। রাত ১২টা পাঁচ মিনিটের দিকে চরমপন্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র্যাবের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।মেজর কামরুজ্জামান বলেন, এ সময় র্যাবের প্রতিরোধের মুখে টিকতে না পেরে চরমপন্থীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন লাশটি রইচ উদ্দিনের বলে শনাক্ত করেন। র্যাব ঘটনাস্থল থেকে দেশে তৈরি দুটি এলজি, চারটি তাজা গুলি, দুটি হাঁসুয়া ও একটি কুড়াল উদ্ধার করে। তিনি জানান, ১৫-২০ মিনিট স্থায়ী বন্দুকযুদ্ধে র্যাব ১৮টি গুলি ছোড়ে।রইচ উদ্দিনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আবদালপুরে। তাঁর পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার সদর উপজেলার কৃতিনগরের একটি ইটভাটা থেকে রইচ উদ্দিন ও নুরাল হোসেন নামের অপর এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এ নিয়ে প্রথম আলোয় ‘গ্রেপ্তার, নাকি অপহরণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ রইচ উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রইচের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ পাঁচটি মামলা ও একাধিক সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।এদিকে গতকাল দুপুর পর্যন্ত নুরাল হোসেনের কোনো খোঁজ পাওয়া যায়নি।এদিকে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত সোমবার মোফাজ্জেল হোসেন, হেলাল উদ্দিন ও ঝন্টু মিয়া নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। পুলিশের দাবি, মোফাজ্জেল চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। হেলাল এক ইউপি সদস্য হত্যা মামলার পলাতক আসামি আর ঝন্টু দুই বছর তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।বাগেরহাট: র্যাব-৮-এর সহ-অধিনায়ক মেজর সাব্বিরের ভাষ্যমতে, সুন্দরবনের দস্যু দমনে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানের অংশ হিসেবে র্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) বেলায়েত হোসেন তালুকদারের নেতৃত্বে র্যাবের একটি দল সুপতি এলাকায় অবস্থান করছিল। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা বেকিখালে একটি খালি নৌকা বাঁধা দেখতে পেয়ে সেটিতে তল্লাশি চালিয়ে তিনটি রামদা ও এক প্যাকেট গুলি উদ্ধার করে। এ সময় বনের ভেতর মানুষের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যরা নদী থেকে পাড়ে ওঠার চেষ্টা করলে বনের ভেতর থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট গুলিবিনিময় হয়। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ, মিয়ানমারে তৈরি তিনটি ওয়ান শ্যুটার গানসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। তিনি জানান, র্যাব ১১৫টি গুলি ছুড়েছে।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল বলেন, নিহত দুই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। ধারণা করা হচ্ছে, তাঁরা সুন্দরবনের বনদস্যু জুলফিকার বাহিনীর সদস্য।গত সোমবার মধ্যরাতে লাশ দুটি সুন্দরবন থেকে শরণখোলা থানায় নিয়ে যাওয়া হয়। শনাক্ত করার জন্য গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত লাশ দুটি শরণখোলা থানার চত্বরে উন্মুক্ত রাখা হয়। কিন্তু তাঁদের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ দুটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় র্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) বেলায়েত হোসেন তালুকদার শরণখোলা থানায় পৃথক দুটি মামলা করেছেন।চরমপন্থীর লাশ উদ্ধার: পাবনা অফিস জানায়, পাবনা সদর উপজেলার রাজাপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে গতকাল মো. ইয়াছিন আলী (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি সদর উপজেলার আতাইকুলা থানার হরিপুর গ্রামে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন দাবি করেন, নিহত ইয়াসিন নিষিদ্ধঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য ছিলেন।