বাগেরহাট ও কুয়াকাটায় পর্যটন দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট ও পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল রোববার বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

 ‘শতকোটি পর্যটক, শতকোটি সম্ভাবনা’—এই স্লোগান নিয়ে সকালে জেলা প্রশাসন ও পর্যটন করপোরেশনের উদ্যোগে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর থেকে সাত কিলোমিটার দূরে ষাটগম্বুজ মসজিদ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ষাটগম্বুজ মসজিদ-সংলগ্ন ঘোড়া দিঘির পাড়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান গোলাম ফেরদৌস। পরে ঘোড়া দিঘিতে নৌকাবাইচ হয়। বিকেলে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

পটুয়াখালীর কলাপাড়ায় সকালে ‘ট্যুরিস্ট গাইড বিডি’র উদ্যোগে ও কুয়াকাটা সানরাইজ বিচ রিসোর্টের সহযোগিতায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়।