বাগেরহাট ও চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
বাগেরহাটে গতকাল বৃহস্পতিবার ও বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন উপপরিদর্শক (এসআই)। বুধবার কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।বাগেরহাট সদর থানার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, বাগেরহাট-খুলনা সড়কে শহরের সোনাতলা এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মঈন উদ্দিন নিহত ও চালক পুলিশের সহকারী উপপরিদর্শক শরীফুল ইসলাম গুরুতর আহত হন। বুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের চাঁদের হাট নামক স্থানে খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক লিটন বাশার ঘটনাস্থলে নিহত হন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের মৌলভীরকুম এলাকায় বুধবার সন্ধ্যায় মাইক্রোবাসের চাপায় মোহাম্মদ ওবায়দুল্লাহ (২৫) ও মোহাম্মদ মাসুম (২৮) নিহত হন। তাঁদের বাড়ি পৌরসভার মৌলভীপাড়ায়।