বাগেরহাট ও চুয়াডাঙ্গায় কৃমিনাশক বড়ি খেয়ে ২২৫ শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট ও চুয়াডাঙ্গায় গতকাল সোমবার কৃমিনাশক বড়ি খেয়ে দুটি প্রাথমিক বিদ্যালয়ের ২২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যামলী মৈত্র বলেন, বেলা ১১টা থেকে ১২টার মধ্যে অর্ধশতাধিক শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। বড়ি খাওয়ানোর ঘণ্টা খানেক পরে কিছু শিক্ষার্থী মাথা ও পেটে তীব্র ব্যথার কথা জানায়। তাদের মধ্যে কেউ কেউ অচেতন হয়ে পড়ে। অসুস্থ কয়েকজন শিশুকে অভিভাবকেরা বাড়ি নিয়ে যান। বাকি ১৭ জনকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসা হয়।অভিভাবকেরা জানান, কৃমিনাশক বড়ি খেয়ে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান জানান, বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে এসব শিশুকে বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা তীব্র পেটব্যথা, মাথাব্যথা, বমি বমি ভাব, গা-হাত-পা কাঁপা ইত্যাদি সমস্যার কথা জানায়।বাগেরহাটের সিভিল সার্জন তপন কুমার শীল জানান, তীব্র গরম, অপুষ্টিজনিত শারীরিক দুর্বলতা ও পেট খালি থাকার কারণে এসব শিশু কৃমিনাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। তিনি জানান, অসুস্থ শিশুরা এখন আশঙ্কামুক্ত।বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা অসুস্থ শিশুদের দেখতে বাগেরহাট সদর হাসপাতালে যান এবং তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক বড়ি খেয়ে দুই শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ৩০ জনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দর্শনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার সিভিল সার্জন কামরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃমিনাশক বড়ি খেলে মাথা ঘোরা ও বমি বমি ভাব স্বাভাবিক ঘটনা। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা আহাম্মদ জানান, বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ২৮৯ জন শিক্ষার্থীকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। শিক্ষার্থীরা জানায়, বড়ি খাওয়ার পর তাদের পেটে তীব্র ব্যথা, বমি ও অস্থিরতা শুরু হয়।এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা বিদ্যালয় অবরোধ এবং শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের লাঞ্ছিত করেন। খবর পেয়ে জীবননগর থানার পুলিশ তাঁদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।