বাগেরহাট ও মাগুরায় তিন ব্যক্তি খুন
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের উত্তর চিংড়াখালী গ্রামে গত মঙ্গলবার রাতে দিনমজুর কুসুম বেগমকে (৫০) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে বখাটেদের হামলায় আহত একই গ্রামের অমল কৃষ্ণ দে (৬৫) মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজারে মঙ্গলবার রাতে হাতুড়িপেটার শিকার হয়ে ইসমাইল মোল্লা (২৭) নামের একজন ভ্যানচালক মারা গেছেন।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, জমি নিয়ে স্বামী পরিত্যক্ত কুসুম বেগমের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির বিরোধ চলছিল। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা তাঁর ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে তাঁকে শ্বাসরোধে হত্যা করে ও ঘরে থাকা জমির দলিল নিয়ে যায়। বুধবার দুপুরে কুসুমের লাশ উদ্ধার করে পুলিশ।ওসি মো. আসলাম উদ্দিন আরও জানান, উত্তর চিংড়াখালী গ্রামের অমল কৃষ্ণ দের এক মেয়ে স্থানীয় চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার জিপিএ-৫ পেয়েছে। স্থানীয় তিন তরুণ উত্ত্যক্ত করায় তাকে পিরোজপুরে এক আত্মীয়ের বাসায় রেখে এসেছিলেন। ৯ মে পরীক্ষার ফল প্রকাশিত হলে মেয়েটি গ্রামে আসে। ওই রাতে বখাটেরা তার শ্লীলতাহানির চেষ্টা করলে অমল কৃষ্ণ এক বখাটেকে জাপটে ধরেন। এ সময় অন্য দুজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।মাগুরা সদর থানার পুলিশ জানায়, মির্জাপুর গ্রামের আদিলুদ্দিন মোল্লার ছেলে ইসমাইল মোল্লা মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ইছাখাদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বাজারের পাশে হাতুড়ি ও লাঠি দিয়ে বেদম পেটায় দুর্বত্তরা। পরে গুরুতর আহত ইসমাইলকে সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান।