বাগেরহাট ও সাতক্ষীরায় তিন দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু
বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে গতকাল শনিবার তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। একই দিন সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে এ ধরনের একটি মেলার উদ্বোধন করা হয়।
বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে গতকাল বেলা ১১টায় তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ শেখ ইউসুফ হারুন। মেলা উপলক্ষে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাট পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহ আলম সরদার প্রমুখ। মেলায় ২২টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ মেলা চলবে।
জেলা তথ্য কর্মকর্তা মহাসীন হোসেন তালুকদার জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে৵ ওয়েব পোর্টাল নির্মাণ, তথ্যসেবা কেন্দ্র স্থাপন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, স্যানিটেশন, শিশু ও মাতৃমৃত্যুহার, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ই-সেবা প্রদানে মানুষকে উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়।
এদিকে সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে গতকাল দুপুর ১২টায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম।
সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ, সাতক্ষীরা সরকারি বলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, স্বাস্থ্য বিভাগ খুলনার উপপরিচালক আবদুল হাই প্রমুখ।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা সোমবার পর্যন্ত চলবে। জেলার ৩৪টি সরকারি দপ্তর, বিদ্যালয়, কলেজ ও বেসরকারি উন্নয়ন সংস্থা মেলায় অংশ নিয়েছে।