বাগেরহাট ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
বাগেরহাটে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে গতকাল শনিবার এক ব্যক্তি নিহত হয়েছেন। সাতক্ষীরায় গত শুক্রবার বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আটজন।
নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের মালমগাছি গ্রামের হানিফ শেখ (৪২) ও সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের শিরিনা খাতুন (৪)।
বাগেরহাট সদর উপজেলার দড়াটানা সেতু-সংলগ্ন ফতেপুর মেরিন একাডেমির সামনে দুর্ঘটনায় নিহত হানিফের চাচাতো ভাই আবদুস ছালাম বলেন, হানিফ সকালে খুলনায় তাঁর মা-বাবাকে ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে দড়াটনা সেতু থেকে নামার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে পাশ দিতে গিয়ে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই হানিফ নিহত হন।
সাতক্ষীরায় পারুলিয়া মোড়ে রাতে বাসের ধাক্কায় নিহত হয় শিরিনা খাতুন। প্রত্যক্ষদর্শী লোকজন সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পারুলিয়া চার রাস্তার মোড়ে একটি ইঞ্জিনচালিত ভ্যানে যাত্রী নেওয়া হচ্ছিল। এ সময় সাতক্ষীরাগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশু শিরিনা মারা যায়।
এ সময় ভ্যান থেকে পড়ে গিয়ে মধু হোসেন, তাসলিমা খাতুন, আলগীর হোসেন (৮) ও মাওলা বক্স মৃধা (৭০) আহত হন। তাঁদের দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।