বাগেরহাট ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার এ দুটি দুর্ঘটনা ঘটে। 

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা-তাফালবাড়ি সড়কের উত্তর কদমতলা গ্রামের মৌলভি বাড়ির সামনে আজ দুপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে পুলিন ব্যাপারী (৪৭) নামের একজন নিহত হন। পুলিন ব্যাপারী ফলের ব্যবসা করতেন। তাঁর বাড়ি উপজেলার ধানসাগর ইউনিয়নের পল্লিমঙ্গল গ্রামে। দুর্ঘটনায় আহত হয়েছেন ভ্যান চালক জামাল (৫০) এবং মোটরসাইকেল চালক তারেক হাওলাদার (২৫)। আহতদের এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এ ব্যাপারে শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অপরদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া সদরের শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় আজ বিকেলে ট্রাকের ধাক্কায় কোরবান আলী (৫০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার মোহনপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের সগুনা গ্রামে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমদ বলেন, নিহত শিক্ষক আজ বিকেলে বিদ্যালয়ে তাঁর কাজ শেষ করে বাড়িতে ফেরার পথে উপজেলার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।