নাশকতা পরিকল্পনার অভিযোগে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর নেতা ফকির আমিনুল ইসলাম ওরফে সোহরাবকে (৫৫) পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও কচুয়া উপজেলার সাবেক আমির। আজ বুধবার দুপুরে কচুয়া উপজেলা সদর থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এই প্রতিবেদককে বলেন, গত ১৯ অক্টোবর কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামের মাহাতাব নামে এক ব্যক্তির ভাড়া করা বাড়িতে জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ চার নেতাকে গোপন বৈঠক করার অভিযোগে গ্রেপ্তার করে। সেখান থেকে পুলিশ সরকারবিরোধী প্রচারণামূলক লিফলেট, চাঁদা আদায়ের রশিদ ও বেশ কিছু বই উদ্ধার করে। ওই ঘটনায় কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বাদী ওই চার নেতাসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। ওই মামলায় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলার সাবেক আমির ফকির আমিনুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির রেজাউল করিম বলেন, সরকারবিরোধী আন্দোলন করার কারণে তাঁদের হেনস্তা করা হচ্ছে। তবে এভাবে আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে তিনি মন্তব্য করেন।