বাগেরহাট জেলা বিএনপির ছয় নেতাকে বহিষ্কারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা বিএনপির চারজন জ্যেষ্ঠ সদস্যসহ অন্তত ছয়জন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। শুক্রবার জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে ওই ছয় নেতাকে বহিষ্কারের এই প্রস্তাব নেওয়া হয় এবং তা অনুমোদনের জন্য গতকাল শনিবার দলের কেন্দ্রীয় মহাসচিবের কাছে পাঠানো হয়েছে।নেতারা হলেন কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য সাবেক সাংসদ শেখ মুজিবর রহমান, জেলা কমিটির সহসভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক খান মনিরুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য জাহিদুল ইসলাম, ওহিদুল ইসলাম ও সরদার জাহিদুল ইসলাম।দলীয় সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে অনুষ্ঠিত ১৮ দলীয় জোটের জনসভা বানচালের লক্ষ্যে পৃথক মানববন্ধন ও পথসভা আহ্বানসহ বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা জানান, শনিবার সিদ্ধান্তটি অনুমোদনের জন্য প্রস্তাব আকারে দলের কেন্দ্রীয় মহাসচিবের কাছে পাঠানো হয়েছে। সভায় জেলা বিএনপির ১৫১ জন সদস্যের মধ্যে ১১৫ জন উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সহসভাপতি কামরুল ইসলাম বলেন, ‘আমি ও শেখ মুজিবর রহমানসহ যাঁদের বিরুদ্ধে জেলা বিএনপি শুক্রবার প্রাথমিক সদস্যপদ বাতিলের প্রস্তাব এনেছে, তাঁরা সবাই বিএনপির ত্যাগী কর্মী। আমরা কখনোই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি।’