বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা কারাগারে
বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজাসহ বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২০১৩ সালে দ্রুত বিচার আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় সম্প্রতি তাঁদের তিন বছর করে সাজা দেন আদালত।
ওই দুই নেতা আইনজীবীর মাধ্যমে গতকাল রোববার দুপুরে বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাহিদুল আজাদের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু আদালত ওই আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অপর বিএনপির নেতার নাম বাসারাত হাওলাদার। তিনি বাগেরহাট জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি। ২০১৩ সালে দ্রুত বিচার আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় গত ১৩ জানুয়ারি একই আদালত এই দুজনসহ বিএনপি-জামায়াতের স্থানীয় ৩৪ জন নেতা-কর্মীকে পৃথক রায়ে জরিমানাসহ তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। ওই সময় থেকে তাঁরা পলাতক ছিলেন।
বিএনপির এই দুই নেতার আইনজীবী শহিদুল ইসলাম বলেন, আদালতের আদেশের পর বিকেলে আলী রেজা ও বাসারাত হাওলাদারকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ওই দুটি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি-জামায়াতের ৩৪ জন নেতা-কর্মীর মধ্যে ২২ জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১০ আগস্ট বিষ্ণুপুর ইউনিয়নের কুকোড়ামারা গ্রামে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। এ ঘটনার দায়ের করা মামলার তদন্ত শেষে পুলিশ ৯৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তাঁদের মধ্যে আদালত আলী রেজা বাবুসহ ২৩ জনকে তিন বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।
দ্বিতীয় ঘটনায় ওই বছরের ২০ অক্টোবর গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট মোড়ে আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের মারধর, দলীয় কার্যালয়, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ১১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত তাঁদের মধ্যে বাসারাত হাওলাদারসহ ১১ জনকে একই ধরনের দণ্ডে দণ্ডিত করেন।