বাগেরহাট জেলে কয়েদির মৃত্যু অপমৃত্যু মামলা
বাগেরহাট কারাগারে গতকাল সোমবার সকালে গোরা সরদার (৫২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। গোরা খুলনার রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের মহির উদ্দিন সরদারের ছেলে। একটি চুরি মামলায় তাঁর তিন বছরের সাজা হয়েছিল।বাগেরহাট কারাগারের কারাধ্যক্ষ মোহামঞ্চদ বদরুদ্দোজা জানান, সোমবার বেলা ১১টার দিকে হঠাৎ গোরা সরদারের বুকে ব্যথা শুরু হয়। খবর পেয়ে গোরাকে কারাগার থেকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি গত ২ ফেব্রুয়ারি থেকে বাগেরহাট কারাগারে সাজা খাটছিলেন। বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঈন উদ্দিন মোল্লা বলেন, ‘বেলা সাড়ে ১১টায় গোরাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না।’