বাগেরহাট থেকে দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ার স্কুলছাত্র আরিফ তালুকদারকে শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলার দুই কিশোর আসামিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট মডেল থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বাগেরহাট শহরের দশানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বাগেরহাট মডেল থানার সহকারী উপপরিদর্শক আশরাফ আলী জানান, ঢাকার কেরানীগঞ্জ থানায় করা একটি হত্যা মামলার সূত্র ধরে এবং নিহতের আত্মীয়স্বজনের চেষ্টায় শহরের দশানী এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এখানে তারা এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। গতকাল শুক্রবার ভোরে কেরানীগঞ্জ থানার পুলিশ এসে তাদের কেরানীগঞ্জে নিয়ে গেছে।
আরিফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মুন্সী জানান, কেন, কখন ও কীভাবে আরিফকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এমন কিছু তথ্য দিয়েছে, যার সত্যতা নিশ্চিত করতে আরও সময় লাগবে।
মঠবাড়িয়ার ঘোপখালী গ্রামের হিরু তালুকদারের ছেলে আরিফের এবার মিরুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। গত রোববার গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয় আরিফ। বুধবার রাতে কেরানীগঞ্জের গোলামবাজারের একটি ঘর থেকে তার কম্বল পেঁচানো লাশ উদ্ধার করা হয়।