বাগেরহাট পৌরসভা এলাকায় গত শুক্রবার বিকেল থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামানের ওপর হামলার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পানি সরবরাহের পাইপলাইন ভেঙে দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।পানি সরবরাহের পাইপলাইন ভাঙচুরের ঘটনায় পৌরসভার প্যানেল মেয়র মিনা হাসিবুল হাসান গত শুক্রবার রাতে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।অন্যদিকে ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামানের ওপর হামলার অভিযোগে অজ্ঞাতনামা আট-দশজনের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর বাবা শেখ আমজাদ হোসেন। উল্লেখ্য, গত শুক্রবার একদল লোক ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের ওপর হামলা চালায়।গতকাল বাগেরহাট প্রেসক্লাবে পৌরসভা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্যানেল মেয়র মিনা হাসিবুল হাসান বলেন, বিক্ষুব্ধ ব্যক্তিরা পানি সরবরাহের প্রধান লাইন, অটো রিলিজ ভালভ, পাম্পহাউসের ভেতরের বৈদ্যুতিক প্যানেল ভালভসহ বার্জবার, হাই লিফট পাম্প ভাঙচুর করেছে। এ ছাড়া পাম্পহাউসের গুদাম থেকে বিভিন্ন মালামাল লুট হয়ে গেছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন দুটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।