বাগেরহাট ভোলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
বাগেরহাটের ফতেপুর বাজারের কাছে গতকাল রোববার ট্রাকের ধাক্কায় আবদুর রাজ্জাক (৩০) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। একই দিন ভোলায় নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক জেলে প্রাণ হারিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজ্জাক মোটরসাইকেল চালিয়ে খুলনায় যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে একটি ট্রাক ফতেপুর বাজারের কাছে পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাজ্জাক ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলবুনিয়া গ্রামের আবু সাঈদের ছেলে এবং পিরোজপুরে অ্যালিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি ছিলেন।
ভোলা সদর উপজেলার ভোলা-ভেলুমিয়া সড়কের ব্যাংকের হাট বাজারের তিন মাথায় সকাল ১০টার দিকে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান ঘটনাস্থলে প্রাণ হারান।