বাগেরহাট সফরে যাচ্ছেন ১১ সচিব
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের ১১ জন সচিব আগামীকাল বৃহস্পতিবার থেকে দুই দিনের সফরে বাগেরহাট যাবেন। বাগেরহাটে বাস্তবায়নাধীন বিশেষ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনার জন্য তাঁদের এই সফর হবে।
আজ বুধবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং বলা হয়, সচিবদের এ দলের সঙ্গে চলমান বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন। তাঁরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান পবন চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, বেপজার চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান, সাপোর্ট টু ক্যাপাসিটি বিল্ডিং অব বেজা প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশিদ, ওই প্রকল্পের সোশ্যাল কনসালট্যান্ট মো. আব্দুল কাদের খান ও মুখ্য সচিবের একান্ত সচিব মো. শহীদুল্লাহ।
জেলা প্রশাসক জানান, সরকারের উচ্চ পর্যায়ের ওই কর্মকর্তারা যে প্রকল্পগুলো পরিদর্শন ও পর্যালোচনা করবেন তার মধ্যে রয়েছে মংলা সমুদ্রবন্দর আধুনিকীকরণ, মংলায় নির্মাণাধীন আধুনিক খাদ্য গুদাম (সাইলো), মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), মংলার বিশেষ অর্থনৈতিক জোন (বেজা), রামপালের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, খান জাহান (রহ.) বিমান বন্দর, মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেল, রামপালের ৮৩ খাল পুনঃখনন ও ওই সব খালে চলমান অবৈধ বাঁধ অপসারণ কাজ, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন দুটি পোল্ডারের কাজের অগ্রগতি।
কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মুখ্য সচিবের নেতৃত্বে সচিবেরা রামপাল ও মংলার বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। দুপুরে তাঁরা মংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে বন্দরের উন্নয়ন বিষয়ে মংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা করবেন। বিকেলে তারা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন। এ ছাড়া এনবিআর এর চেয়ারম্যান সকালে মংলায় শুল্ক কর্মকর্তাদের সঙ্গে পৃথক সভা করবেন।