বাগেরহাট হাসপাতালে আগুন, হুড়োহুড়িতে রোগীর মৃত্যু
বাগেরহাট সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে (পুরুষ) গতকাল শনিবার ভোর ছয়টার দিকে অগ্নিকাণ্ডে বিছানার কিছু সামগ্রী পুড়ে গেছে। এ সময় আতঙ্কিত হয়ে ওয়ার্ড থেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে মোল্লা আতিয়ার রহমান (৫৫) নামের এক রোগী মারা গেছেন।
তিনি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই গ্রামের বাসিন্দা। হূদেরাগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আতিয়ারের ভাই মোল্লা ফিরোজ হোসেন জানান, আগুন লাগার পর হাসপাতালের কর্মচারীরা দোতলা থেকে তাড়াহুড়ো করে তাঁর ভাইকে হেঁটে নামাতে গেলে তিনি নিচতলায় মারা যান।
বাগেরহাটের সিভিল সার্জন বাকির হোসেন জানান, আগুন লাগার কারণ ও রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মঈন উদ্দিন মোল্লাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ওই ওয়ার্ডে চিকিৎসাধীন আবদুল কাদের, আবদুর রহিমসহ কয়েকজন জানান, ওয়ার্ডের ভেতরের একটি কক্ষের ভাঙা জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে তাঁরা সেবিকা তাসলিমাকে জানান। তিনি এসে ঘরের দরজা খুললে দ্রুত ধোঁয়া ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। এ সময় রোগী ও তাঁদের স্বজনেরা হুড়োহুড়ি করে নিচতলায় নেমে যান। সেখানেই মোল্লা আতিয়ার রহমান মারা যান।
তাসলিমা বলেন, ‘ওই কক্ষে মালামাল থাকে। ভোর সাড়ে ছয়টার দিকে রোগীরা আমাকে জানালে আমি ধোঁয়া দেখে হাসপাতালের ইলেকট্রিশিয়ান ও ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিই এবং রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করি।’
ফায়ার সার্ভিস বাগেরহাটের স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, আগুনে তিনটি ম্যাট্রেসসহ কিছু চাদর ও মশারি পুড়ে গেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। ধারণা করা হচ্ছে, মশার কয়েল বা অন্য কোনোভাবে আগুন লেগেছে।