বাগেরহাটে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রাম থেকে গত সোমবার রাতে পুলিশ আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে অনেক মামলার পলাতক আসামি শাহাদাত হোসেনসহ (৩২) তিনজনকে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বাড়ির মালিক ও অস্ত্র তৈরির কারিগর হিসেবে পরিচিত মিলন শেখ (৩০), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের শাহাদাত আলী পঞ্চায়েত (৩২) ও তাঁর দেহরক্ষী ফারুক হাওলাদার (৩২)। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে দুটি এলজি, ২৫ থেকে আট ইঞ্চি লম্বা চারটি জিআই পাইপ, চাপাতি তৈরির স্টিলের ডাইস, ড্রিল মেশিন, হাতুড়ি, স্ক্রু ডাইভার, হ্যাক্স ব্লেড, তিনটি রেত, লোহা নরম করার হাপর, কাঠ ছিদ্র করার আগর প্রভৃতি। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শাহাদাত পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন থানায় ব্র্যাক ব্যাংকে ডাকাতি ও হত্যাসহ অন্তত আটটি মামলার পলাতক আসামি। দেহরক্ষী ফারুককে নিয়ে তিনি মিলনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনতে এসেছিলেন। শাহাদাতের বিরুদ্ধে সুন্দরবনে বনদস্যুদের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রির তথ্য রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।