বাগেরহাটে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ গুলিতে নিহত ১
বাগেরহাট শহরের নাগের বাজারে গত সোমবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে কালু শেখ (২৬) নামের যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। বাগেরহাট গণপূর্ত বিভাগের একটি দরপত্র দাখিল করা নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমানের সঙ্গে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি শিপন মিনা এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাকি তালুকদারের পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জেলা গণপূর্ত বিভাগে দরপত্র দাখিল নিয়ে সোমবার দুপুরে শিপন-বাকি পক্ষের এক যুবককে মারধর করেন পৌর মেয়রের ভাতিজা খান আবু বক্কর সিদ্দিক। পরে শহরের মনিকা সিনেমা হল এলাকায় অন্য পক্ষের লোকজন আবু বক্করের মোটরসাইকেল ভাঙচুর করে। রাতে মেয়রের ভাগনে হাসিব শিকদার (৩০) প্রতিপক্ষের সমর্থক ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অলোক চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শিপন-বাকির সমর্থকেরা রাত সাড়ে নয়টার দিকে নাগের বাজার এলাকায় হাসিবকে মারধর করেন। এতে তাঁর ডান হাত ভেঙে যায়। ১০টার দিকে তাঁরা পৌর মেয়রের বাড়িতে হামলার চেষ্টা চালান। এ সময় মেয়রের বাড়ির ছাদ থেকে হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালানো হলে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। রাত ১১টা পর্যন্ত উভয় পক্ষে থেমে থেমে গুলিবিনিময় ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শিপন-বাকি পক্ষের কালুর মাথায় গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে খুলনায় নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি।