বাগেরহাটে আ.লীগের হামলায় বিদ্যালয় কমিটির নির্বাচন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বুধবার সকালে ব্যবস্থাপনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন চলাকালে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে নির্বাচন পণ্ড হয়ে যায়। কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই হামলা চলে বলে সাংবাদিকদের কাছে প্রধান শিক্ষকের অভিযোগ। এ সময় তাঁকে মারধর করা হয় বলেও তিনি অভিযোগ করেন। প্রত্যক্ষদর্শী একাধিক ভোটার একই অভিযোগ করেন। হাজরা দেলোয়ার হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল রাত আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে আটকও করেনি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের অভিযোগ, সকাল ১০টায় নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণ পর হাজরা দেলোয়ার হোসেনের নেতৃত্বে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে একটি মিছিল বিদ্যালয়ে প্রবেশ করে। মিছিল থেকে শাহীন, মঈন, রতন, রফিকুলসহ ২৫ থেকে ৩০ জন বিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে পড়ে। এ সময় তাঁকে মারধর করে বাইরে বের করে দিতে চেষ্টা করে তারা। এ সময় নির্বাচনে দায়িত্ব পালনে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম তাঁর পাশে এবং কচুয়া থানার ওসি বারান্দায় নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধান শিক্ষক বলেন, মিছিলে আসা অন্যরা বিদ্যালয়ের মাঠ থেকে ভোটারদের বের করে দেয়। পরে তারা ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে এবং ভোটবাক্সে কিছু ব্যালট পেপার ভরে দেয়। এ সময় ম্যাজিস্ট্রেট ও ওসির নির্দেশে প্রিসাইডিং কর্মকর্তা নির্বাচন বন্ধ করে দেন। বিষখালী গ্রামের অভিভাবক ভোটার আবদুস সাত্তার বলেন, ভোট দিতে তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজরা দেলোয়ার হোসেন তাঁকে ভোটকেন্দ্র থেকে বের করে দেন। নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দুলালকৃষ্ণ রায় বলেন, যথাসময়ে ভোট শুরু হয়। সকাল সোয়া ১০টা নাগাদ তিনটা ভোট পড়ার পর কিছু উচ্ছৃঙ্খল লোক হামলা ও ভাঙচুর চালিয়ে শান্তিশৃঙ্খলার অবনতি ঘটায়। নির্বাচন বন্ধ করা না হলে তারা সহিংস ঘটনা ঘটাবে বলে হুমকি দেয়। তারা ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এই পরিস্থিতিতে নির্বাচনস্থলে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম ও কচুয়া থানার ওসি খায়রুল আনামের নির্দেশে ভোট নেওয়া স্থগিত করা হয়। কচুয়া থানার ওসি খায়রুল আনাম বলেন, একই স্থানে স্কুল ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের কারণে উত্তেজনা দেখা দেয়। এতে শান্তিশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় প্রিসাইডিং কর্মকর্তা নির্বাচন স্থগিত ঘোষণা করেন।কচুয়ার ইউএনও ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘আমার উপস্থিতিতে নির্বাচন শুরু হয়। আমি চলে আসার পর সেখানে হামলা, ব্যালট পেপার ছিনতাই হওয়ায় এবং শান্তিশৃঙ্খলার অবনতি ঘটার কারণে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়।’বিভিন্ন সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের কমিটিতে সভাপতি পদে দুই প্রার্থী হলেন সদ্যবিদায়ী সভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেনের সহকারী একান্ত সচিব খান মনিরুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম শেখ শামছুদ্দিনের ছেলে ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ দেলোয়ার হোসেন। স্থানীয় বিএনপি খান মনিরুল ইসলামের পক্ষে ও স্থানীয় আওয়ামী লীগ শেখ দেলোয়ার হোসেনের পক্ষে অবস্থান নেয়। খান মনিরুল ইসলামের সমর্থক ও অভিভাবক সদস্য পদপ্রার্থী সরদার আলতাফ হোসেন বলেন, মনোনয়নপত্র দাখিলের পরই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা তাঁদের পরাজয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়। তখন তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু করেন। গতকাল সকালে একই সময় বিদ্যালয় প্রাঙ্গণে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডের নবনির্বাচিতদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেনের নেতৃত্বে মিছিল নিয়ে বিদ্যালয়ে ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়ে তাঁরা নির্বাচন পণ্ড করে দেন। এ ব্যাপারে হাজরা দেলোয়ার হোসেন বলেন, তাঁর নেতৃত্বে কোনো মিছিল বিদ্যালয় মাঠে যায়নি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে হামলা, ভাঙচুর ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের কারণে সেখানে অনেক লোক সমবেত হয়েছিল। এই পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষই নির্বাচন বন্ধ করে দেয়।