বাগেরহাটে আ.লীগের ৯ জনকে কুপিয়ে জখম
বাগেরহাটে তুচ্ছ ঘটনার জের ধরে বিএনপি-জামায়াতের সমর্থকেরা ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের অন্তত নয়জন নেতা-কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর আওয়ামী লীগের সমর্থকেরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন।
গত রোববার সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের কুকোড়ামারা গ্রামে দফায় দফায় এসব ঘটনা ঘটে। ঘটনার পর রাতে পুলিশ মোতায়েন করা হয়। গতকাল সোমবার ভোরে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। উভয় পক্ষের নেতা-কর্মীরা এলাকা ছেড়ে পালিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি হুমায়ুন শেখ (৪০), বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মুকুল সরদার (৩৫), সদস্য সেকেন্দার মল্লিক (৫০), ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল খান (২৯), ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি জিহাদ জমাদ্দার (২৮), সদস্য মোখলেস ফকির (৩৩), আকবর হোসেন (২৪) শিহাব জমাদ্দার (১৭) ও ইস্রাফিল (২২)। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সেকেন্দার, মোখলেস ও ইস্রাফিলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, তুচ্ছ ঘটনা নিয়ে রোববার সন্ধ্যা ছয়টার দিকে কুকোড়ামারা গ্রামের ওসমান শেখের চায়ের দোকানের সামনে স্থানীয় বিএনপি-সমর্থক একরামকে (২০) লাঞ্ছিত করেন শ্রমিক লীগের নেতা হুমায়ুন। এর জের ধরে সন্ধ্যা সাতটার দিকে বিএনপি-জামায়াতের কর্মীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনসহ নয়জনকে কুপিয়ে জখম করেন। পরে এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এদিকে খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা সংগঠিত হয়ে বিএনপির সমর্থকদের চারটি বাড়িতে হামলা চালিয়ে বিভিন্ন আসবাব ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। তবে হামলায় বিএনপি-জামায়াতের কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গতকাল সকালে এলাকায় গিয়ে স্থানীয় বিএনপি বা আওয়ামী লীগের নেতৃস্থানীয় কাউকে পাওয়া যায়নি। আতঙ্কে সবাই গা ঢাকা দিয়েছেন। গ্রামে যাঁরা আছেন, তাঁরাও রোববারের ঘটনা সম্পর্কে খোলাখুলি কথা বলতে চাননি।
হামলায় আহত যুবলীগের নেতা মুকুল এই প্রতিবেদকের কাছে দাবি করেন, খুলনায় কাজ সেরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে রোববার সন্ধ্যায় তিনি কুকোড়ামারা গ্রামে ওসমানের চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় জামায়াত-বিএনপির ৪০-৫০ জন সমর্থক রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিতে হামলা চালান। রক্তাক্ত অবস্থায় একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান। এরপর হামলাকারীরা চায়ের দোকানে থাকা তাঁর পক্ষের আরও আটজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন।
তবে কুকোড়ামারা গ্রামের বিএনপি-সমর্থক মিজানুর রহমান ও হাফিজুল মাঝি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে স্থানীয় বিএনপি-সমর্থকদের ওপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় ওই দিন বিকেলে বিএনপি-সমর্থক একরামকে প্রহার করা হয়। এ নিয়ে ঘটনার সূত্রপাত হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। এই ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। কাউকে আটক করা যায়নি।