বাগেরহাটে আগুনে ছয় পরিবারের ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের পরিত্যক্ত রেলস্টেশন এলাকায় গতকাল বুধবার ভোররাতে অগ্নিকাণ্ডে ছয় পরিবারের ঘর ও একটি গুদামঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন ভিখারি শাহ বানু (৬৫), গৃহপরিচারিকা তাসলিমা বেগম ও মনোয়ারা বেগম, দিনমজুর মহম শেখ ও তাঁর বোন হাসিনা বেগম এবং বাচ্চু পাহলান। এ ছাড়া আগুনে অমল সাহা নামে এক ব্যক্তির ভাড়া নেওয়া ঘরে রাখা বিভিন্ন খাদ্যপণ্য পুড়ে গেছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও বাগেরহাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল ভোররাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোররাত চারটা থেকে সকাল পৌনে ছয়টা পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে কাঠ ও টিনের তৈরি ছয়টি বসতঘর এবং একটি গুদামঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
গৃহপরিচারিকা মনোয়ারা বেগম বলেন, ভোররাত সাড়ে তিনটার দিকে তাঁর ঘরের পাশেই মহম শেখের ঘরে তিনি আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে ওই আগুন হাসিনা বেগমের ঘরসহ অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। সে সময় মহম ও হাসিনার ঘরে কেউ ছিলেন না।
খবর পেয়ে গতকাল সকালে পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, চিহ্নিত কিছু দুর্বৃত্ত ওই ঘরগুলোতে আগুন দিয়েছে। তাদের উপযুক্ত বিচার করা হবে। পরে মেয়র পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাল, শাড়ি ও টাকা দেন।
বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. জয়নুল আবেদিন বলেন, তাঁরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রেলস্টেশন বস্তিতে অগ্নিকাণ্ডের বিষয়টি স্বাভাবিক দুর্ঘটনা না কি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে।