বাগেরহাটে আধা বেলা হরতাল পালিত
বাগেরহাট পৌরসভার কাউন্সিলর সরদার শামীম আহসানের ওপর হামলাকারীকে গ্রেপ্তার ও বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণের দাবিতে পৌর পরিষদের ডাকে গতকাল সোমবার পৌর এলাকায় আধা বেলা হরতাল পালিত হয়েছে। দাবি আদায় না হলে আজ (মঙ্গলবার) থেকে পৌর এলাকায় পানি ও বিদ্যুতের সরবরাহ এবং ময়লা অপসারণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ।গতকাল ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলাকালে শহরে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ ছিল। গত শনিবার বিকেলে শহরের মুনিগঞ্জ এলাকায় সন্ত্রাসী হামলায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরদার শামীম আহসান আহত হন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক খাদেম নিয়ামুল কাদির এই হামলা চালান বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর পুলিশ তাঁর ভাই খাদেম নিয়ামুল বসিরকে গ্রেপ্তার করলে রোববার ৫৪ ধারায় আদালত তাঁকে কারাগারে পাঠান।এই হামলার প্রতিবাদে পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে রোববার সকালে পৌর পরিষদের সভায় সোমবার আধা বেলা হরতাল পালনের সিদ্ধান্ত হয়। সভায় সোমবারের মধ্যে খাদেম নিয়ামুল কাদিরকে গ্রেপ্তার ও বাগেরহাট মডেল থানার ওসি মিজানুর রহমানকে অপসারণ করা না হলে মঙ্গলবার সকাল থেকে শহরে পানি ও বিদ্যুতের সরবরাহ এবং ময়লা অপসারণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম জানান, কাউন্সিলরের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।