বাগেরহাটে ইউসুফ ও আব্বাসের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা এ কে এম ইউসুফ ও বিএনপির নেতা মিঞা আব্বাস উদ্দিনের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলার তদন্ত শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার সদস্যরা গতকাল শুক্রবার বাগেরহাটের মোরেলগঞ্জে এমন তিনটি মামলার বাদী ও সাক্ষীদের সাক্ষ্য নেন।বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে বাগেরহাটের বিভিন্ন থানায় ৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ কে এম ইউসুফ আটটি এবং জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য সাবেক সাংসদ মিঞা আব্বাস উদ্দিন অন্তত একটি মামলার আসামি।মোরেলগঞ্জের ঘটনায় ইউসুফের বিরুদ্ধে দুটি ও আব্বাসের বিরুদ্ধে হওয়া একটি মামলার বাদী ও সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয় গতকাল বেলা পৌনে তিনটা থেকে। বিষয়টি নিশ্চিত করে তদন্ত সংস্থার সদস্য জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হেলালউদ্দিন বলেন, মোরেলগঞ্জে সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর এ কে এম ইউসুফের বিরুদ্ধে শরণখোলা থানায় হওয়া ছয়টি মামলার বাদী ও সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হবে।মতবিনিময়: গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট সার্কিট হাউসে পৌঁছান তদন্ত সংস্থার সদস্যরা। তাঁরা রাতে কয়েকজন বাদী, সাক্ষী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ক্ষমতাসীন দলের সাংসদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।মতবিনিময় সভায় তদন্ত সংস্থার সহসমন্বয়ক এম সানাউল হক বাগেরহাটে মুক্তিযুদ্ধকালে বিভিন্ন অপরাধের ঘটনায় করা মামলাগুলোর বাদী, সাক্ষী ও এলাকাবাসীকে নির্ভয়ে সাক্ষ্য দিয়ে তদন্ত সংস্থাকে সহযোগিতা করার আহ্বান জানান।