বাগেরহাটে এক নারীসহ পাঁচজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাঞ্চল্যকর চার হত্যা মামলায় এক নারীসহ পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা সবাই পলাতক।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন বরগুনার বামনা উপজেলার আবদুল কুদ্দুস, একই উপজেলার শহীদ সরদার ওরফে শহীদুল হক সরদার, তাঁর স্ত্রী মফিলা বেগম, পিরোজপুরের বড় মাছুয়া গ্রামের শাহ আলম ওরফে শাহ আলম ফকির এবং রাজধানীর রামপুরার ওহিদুল ওরফে শহীদুল।
২০০০ সালের ৯ মার্চ রাতে শরণখোলার লাকুড়তলা গ্রামের পল্লিচিকিৎসক গাজী শাহাবুদ্দিন (৪৫), তাঁর স্ত্রী তাহমিনা খাতুন, শিশুপুত্র মনির হোসেন ও শিশুকন্যা লিলি আক্তারকে নিজ বাড়িতে খুন করা হয়। হত্যাকারীরা মনিরকে শ্বাসরোধে এবং অন্যদের গলা কেটে হত্যা করে। শিউলী খাতুন নামে শাহাবুদ্দিনের আরেক শিশুকন্যাকে হত্যাকারীরা গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে। তবে শিউলী বেঁচে যায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্বপরিচয়ের সূত্র ধরে হত্যাকারীরা ঘটনার রাতে শাহাবুদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন। তাঁদের সঙ্গে আনা মিষ্টি খেয়ে শাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী অচেতন হয়ে পড়েন। এ সময় হত্যাকারীরা তিনজনকে গলা কেটে এবং একজনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে।