বাগেরহাট জেলা আইনজীবী সমিতির আহ্বানে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বাগেরহাটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত বর্জন শুরু করেছেন আইনজীবীরা। ওই আদালতের বিচারক মো. বেলায়েত উল্যাহর বিরুদ্ধে অনিয়ম, ঘুষ ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে আইনজীবীরা এ কর্মসূচি পালন করছেন।আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির কারণে ওই আদালতে আসা বিচারপ্রার্থীরা আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হয়েছেন। গতকাল বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে গিয়ে দেখা যায়, আইনজীবীরা উপস্থিত না থাকায় সকালে আসামিরা নিজে অথবা আইনজীবীর মাধ্যমে হাজিরা দরখাস্ত দাখিল করেছেন। সংক্ষিপ্ত সময়ের জন্য বিচারক এজলাসে এলে তাঁরা হাজিরা দিয়ে চলে যান।বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সুতালড়ি গ্রাম থেকে ওই আদালতে হাজিরা দিতে এসেছিলেন একটি মামলার আসামি দিনমজুর ইউনুছ আকন, শাহজালাল আকন ও মো. কামরুল ইসলাম। তাঁরা বলেন, এক দিন কাজ করতে না পারায় তাঁদের প্রায় ৭০০ টাকার ক্ষতি হয়েছে। আইনজীবীকে দিয়েছেন ৪২০ টাকা। যাতায়াত ও অন্যান্য খরচসহ গতকাল তাঁদের সর্বমোট এক হাজার ৬০০ টাকার ক্ষতি হয়েছে।এদিকে আদালত বর্জন কর্মসূচি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ-ই-আলম বলেন, বিচারক বেলায়েত উল্যাহর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে তিনিও একমত। কিন্তু বৃহস্পতিবার আকস্মিকভাবে জরুরি সভা ডেকে রোববার থেকে আন্দোলনের যে কর্মসূচি দেওয়া হয়েছে, তা যথাযথ হয়নি বলে তিনি মনে করেন।বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল আলম বলেন, বিচারক মো. বেলায়েত উল্যাহকে অপসারণ না করা পর্যন্ত তাঁদের আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।