বাগেরহাটে একসঙ্গে জন্ম নেওয়া সেই ৩ শিশু গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খালকুলা গ্রামে একসঙ্গে জন্ম নেওয়া দেড় মাস বয়সী তিন শিশু আফসানা, সাবিনা ও মান্নান গুরুতর অসুস্থ। নিউমোনিয়ায় আক্রান্ত এই তিন শিশুকে বৃহস্পতিবার বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাগেরহাট সদর হাসপাতালে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।অর্থাভাবে শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও চিকিত্সা দিতে না পারা অসহায় ও দরিদ্র ওই পরিবারকে নিয়ে গতকাল শুক্রবার প্রথম আলোয় ‘কোলজুড়ে তিন সন্তান, মুখে দুশ্চিন্তার ছাপ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।গতকাল দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, তাদের বাবা আবু হানিফ ও মা সালমা তিন শিশুকে নিয়ে বসে আছেন। শিশুদের শিরায় স্যালাইন ও ওষুধ দেওয়া হচ্ছে। তারা শ্বাসকষ্টে ভুগছে। নাকে নল বসিয়ে অক্সিজেন দিয়ে শ্বাসকষ্ট দূর করার চেষ্টা করা হচ্ছে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক সুমন রায় জানান, নিউমোনিয়ার জীবাণু শিশুদের ফুসফুস ছাড়িয়ে রক্তে সংক্রমিত হয়েছে। বিশেষ করে মান্নানের অবস্থা খুবই সংকটাপন্ন। সকালে শিশুটির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তিনি বলেন, শিশুদের সর্বোচ্চ চিকিত্সা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে তাদের আরও নিবিড় পরিচর্যা দরকার, যা বাগেরহাট বা খুলনার কোনো হাসপাতালে দেওয়া সম্ভব নয়। ঢাকায় নিতে পারলে ভালো হতো। কিন্তু বাবা-মার আর্থিক সংগতি না থাকায় শিশুদের ঢাকায় স্থানান্তর করা সম্ভব হচ্ছে না।