বাগেরহাটে কালিদাস বড়াল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চাঞ্চল্যকর কালিদাস বড়াল হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ওই মামলায় অন্য তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডপ্রাপ্ত আট আসামির মধ্যে সাতজন এখনো পলাতক। গতকাল বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে বাগেরহাট জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এই রায় দেন। রায়ে নয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়। তবে স্বামী হত্যার বিচার পেয়েও খুশি হতে পারেননি কালিদাস বড়ালের স্ত্রী ও এই মামলার বাদী হ্যাপি বড়াল। খুশি হননি নিহত ব্যক্তির ছোট ভাই ও বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক বড়ালও। রায় ঘোষণার পর আদালত চত্বরে দাঁড়িয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আরও কঠোর এবং আরও বেশি আসামির শাস্তি প্রত্যাশা ছিল তাঁদের। তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরাও উচ্চ আদালতে যাবেন বলে জানান। তবে বাদীপক্ষের প্রধান আইনজীবী এ কে আজাদ ফিরোজ পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা না করে মন্তব্য করতে রাজি হননি। মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত পাঁচ আসামি হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর দুই ছেলে মো. আলমগীর সিদ্দিকী ও নাছির সিদ্দিকী, বড়বাড়িয়া গ্রামের মো. আতিয়ার রহমান দফাদারের ছেলে সাঈদুল ইসলাম, ঘোলা গ্রামের আবদুল হক কাজীর ছেলে সাইফুর রহমান এবং কলাতলা গ্রামের সোনা মিঞা সরদারের ছেলে স্বপন। তাঁদের মধ্যে আলমগীর সিদ্দিকী ছাড়া অন্য চারজন পলাতক। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত তিনজন হলেন আবু বক্কর সিদ্দিকীর আরেক ছেলে শওকত সিদ্দিকী, বাগেরহাট সদর উপজেলার চরগাঁ গ্রামের হাশেম মোল্লার ছেলে বাবলু মোল্লা ও একই উপজেলার সুলতানপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে মানিক। এই তিনজনই পলাতক। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নাছির সিদ্দিকী ও স্বপন ঘটনার পর থেকে পলাতক। প্রথম গ্রেপ্তার হওয়ার পর জামিন পেয়েই পালিয়েছেন সাঈদ ফকির ও বাবলু কাজী। গ্রেপ্তারের পর এই দুজন নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২০ আগস্ট সকালে বাগেরহাট শহরের সাধনা মোড়ে সশস্ত্র সন্ত্রাসীরা বাগেরহাট জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ও বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কালিদাস বড়ালকে গুলি করে হত্যা করেন। হত্যাকাণ্ডের পরদিন নিহত ব্যক্তির স্ত্রী হ্যাপি বড়াল বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ৩১ অক্টোবর বাগেরহাট মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম মামলার তদন্ত শেষে ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।