বাগেরহাটে কুমিরের চারটি চামড়া উদ্ধার
বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের একটি বাড়িতে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে চারটি কুমিরের চামড়া উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো প্রথম আলোকে বলেন, চামড়াগুলো উদ্ধারের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।বন বিভাগের সূত্রের ভাষ্যমতে, শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামের নবী হোসেন হাওলাদার (৪৫) ও সোনাতলা গ্রামের তালুকদার হাফিজুর রহমান (৩০) কুমিরগুলো হত্যা করে চামড়া ছাড়িয়ে কদমতলা গ্রামের সেলিমা বেগম (৫৫) ও রেখা বেগমের (৩০) বাড়িতে রাখেন। উপজেলার সোনাতলা গ্রামের দুলাল হাওলাদার (৪০) ও দেলোয়ার হাওলাদারের (৪৫) মাধ্যমে চামড়াগুলো ঢাকায় বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও শরণখোলা থানার পুলিশ অভিযান চালিয়ে চামড়াগুলো উদ্ধার করে। পাচারকারীরা অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়। সূত্র জানায়, এই ছয়জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, কুমিরের চামড়া উদ্ধারের ঘটনায় শরণখোলা থানার সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান বন আইনে ছয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।