বাগেরহাটে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ভাইয়ের দাবি হত্যা
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি গ্রামে গত রোববার রাতে অনিতা দেবনাথ নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বামী পল্লব দেবনাথ জানান, অনিতা আত্মহত্যা করেছেন। তবে অনিতার ভাইয়ের দাবি, স্বামীর নির্যাতনে তাঁর বোনের মৃত্যু হয়েছে। বাগেরহাট সদর হাসপাতালের মর্গে গতকাল মঙ্গলবার লাশের ময়নাতদন্ত হয়। চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, গ্রামবাসীর কাছে খবর পেয়ে অনিতার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পল্লবসহ তাঁর পরিবারের সদস্যরা জানান, অনিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে তিনি গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি স্পষ্ট হবে। এ ব্যাপারে বাগেরহাট সদর থানায় মামলা হয়েছে।অনিতার বড় ভাই তপন দেবনাথ অভিযোগ করেন, পল্লব নির্যাতন করে অনিতাকে হত্যা করেছেন। সোমবার সকালে পল্লবের ভগ্নিপতি সুনন্দন দেবনাথ তাঁকে মুঠোফোনে জানান, অনিতা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন। কিন্তু বোনের লাশ দেখতে চুলকাঠি গ্রামে গেলে তাঁকে জানানো হয়, অনিতা আত্মহত্যা করেছেন।