বাগেরহাটে চা-দোকানিকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপালে হারুন শেখ (৪৫) নামের এক চা-দোকানিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার গভীর রাতে উপজেলার বাইনতলা ইউনিয়নের সোলাকুড়া গ্রামে নিজের দোকানে হারুনকে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠাচ্ছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন জানান, গতকাল রাতে হারুন তাঁর খোলা দোকানেই ঘুমিয়ে ছিলেন। আজ ফজরের নামাজের পর স্থানীয় লোকজন দোকানে এসে তাঁকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তাঁরা দোকানের ভেতরে ঢুকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় হারুনকে পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।