বাগেরহাটে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে ভ্যানচালককে হত্যার দায়ে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান গতকাল বুধবার ওই আদেশ দেন।
একই সঙ্গে আদালত তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার কাষ্ঠবাড়িয়া গ্রামের এনামুল মোল্লা (২০), আল আমিন শেখ (২১), জাহিদ গাজী (২৩) এবং একই উপজেলার খাজুরা গ্রামের এখলাস ওরফে আসাদুল কবির (২৩)। তাঁদের মধ্যে আল আমিন শেখ পলাতক।
নিহত ওই ভ্যানচালকের নাম জাকারিয়া বেহারা। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীকলস গ্রামের জাহাঙ্গীর বেহারার ছেলে। ২০০৯ সালে আসামিরা তাঁকে ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে এনে হত্যার পর ভ্যান লুট করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন জাকারিয়া। এরপর আর বাড়ি ফেরেননি। পরদিন পিলজংগ গ্রামের পশ্চিমপাড়ার একটি খেজুরবাগান থেকে স্থানীয় লোকজন জাকারিয়ার লাশ উদ্ধার করেন। এই ঘটনায় ওই দিন রাতে নিহত ভ্যানচালকের মা শরীফা বেগম বাদী হয়ে ফকিরহাট থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলা তদন্ত করতে গিয়ে ফকিরহাট থানার পুলিশ ফকিরহাট উপজেলার খাজুরা গ্রামের আওয়াল শেখের বাড়ি থেকে ভ্যানটি উদ্ধার করে। পরে আওয়াল শেখকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে হত্যাকারী ও হত্যার কারণ চিহ্নিত হয়।
ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইশারাত হোসেন বলেন, ২০০৯ সালের ১৩ আগস্ট আওয়াল শেখসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলা চলাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেলাল শেখ নামের এই মামলার এক আসামি নিহত হন। বাগেরহাট কারাগারে আটক অবস্থায় ৯ আগস্ট আওয়াল শেখ অসুস্থ হয়ে মারা যান। মামলার শুনানির সময় আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।