বাগেরহাটে ছাত্রলীগ কর্মী হত্যার দায়ে ১২ জনের যাবজ্জীবন
বাগেরহাটে ছাত্রলীগ কর্মী শেখ আরিফ হাসান ওরফে রাজুকে (১৯) হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাগেরহাট জেলা ও দায়রা জজ খান মিজানুর রহমান গতকাল সোমবার এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
নিহত ছাত্রলীগ কর্মী আরিফ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের নূর ইসলাম শেখের ছেলে। তিনি যাত্রাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল শেখের চাচাতো ভাই। ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ছাত্রলীগের বর্ধিত সভা হয়। আরিফ প্রস্তাবিত ওই কমিটিতে ৩ নম্বর ওয়ার্ড সভাপতি প্রার্থী ছিলেন। সভা চলাকালে দলীয় প্রতিপক্ষের লোকজন ওই বাড়ির সামনে থেকে তাঁকে ধরে নিয়ে মারধর করে খুন করে।
আদালতের সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, আরিফকে লাঠি ও হাতুড়ি দিয়ে আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পরদিন আরিফের বাবা নূর ইসলাম শেখ মামলায় ১২ জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেন। বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক হাবিবুর রহমান ২০০৭ সালের ২১ জানুয়ারি ওই ১২ জনসহ মোট ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আদালত তাঁদের মধ্যে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা দেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন যাত্রাপুর গ্রামের নুরো শেখ, হোসেন শেখ, শেখ ফারুক ও আবদুস সাত্তার শেখ; আবদুস সাত্তারের চার ছেলে রাজ্জাক শেখ, লাভলু শেখ, নজরুল শেখ ও শওকাত শেখ; আবদুল কাদের শেখ এবং তাঁর দুই ছেলে কামরুল শেখ ও জিয়ারুল শেখ; চাঁপাতলা গ্রামের শেখ টিপু সুলতান।