বাগেরহাটে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার বারুইখালী ইউনিয়নের দক্ষিণ সুতালড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সালাম মীর (৫৫)।
প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান। সালাম মীরের স্বজনদের বরাত দিয়ে এই প্রতিবেদককে তিনি জানান, সালাম তাঁর ছেলে রবিউল মীরকে (২৫) কিছুদিন আগে একটি মোটরসাইকেল কিনে দেন। মোটরসাইকেলটি ভাড়ায় চালিয়ে প্রতিদিন বাবাকে ১৫০ টাকা করে দিতেন রবিউল। এক সপ্তাহ ধরে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় ছেলের মোটরসাইকেলটি জব্দ করেন সালাম। এ নিয়ে আজ সকালে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ক্ষুব্ধ হয়ে ছুরি দিয়ে বাবার বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যান।
গুরুতর আহত সালামকে উদ্ধার করে পরিবারের সদস্যরা মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।