বাগেরহাটে মা ও মেয়েকে ধর্ষণ এবং হত্যাচেষ্টার মামলায় ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।আদালত মোল্লাহাট উপজেলার গোলারগাতি গ্রামের আল-আমিন কাজীকে ১৭ বছর, তাঁর ভাই নাইম কাজীকে তিন বছর, তাঁদের পিতা নূর মোহম্মদকে চার বছর, একই গ্রামের দৌলত কাজী ও ফুল মিঞা কাজীকে যথাক্রমে তিন ও ছয় বছর এবং রইস কাজীকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৩ আগস্ট রাতে আসামিরা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আস্তাইল গ্রামের ইউসুফ আলী কাজীর ঘরের টিনের বেড়া কেটে ঘরে ঢুকে তাঁর মেয়ে মুক্তা বেগমকে (২০) ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তাঁরা মুক্তার মা পারভীন বেগমকে কুপিয়ে জখম করেন এবং মুক্তার বাঁ হাতের কবজি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে পালিয়ে যান। এ ঘটনায় ইউসুফ আলী কাজীর ভাগ্নে লিয়াকত আলী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন।