বাগেরহাটে ছয় শতাধিক মণ্ডপে হবে দুর্গাপূজা
হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এ জেলায় এবার ছয় শতাধিক মণ্ডপে পূজা হবে। অধিকাংশ মণ্ডপে এখন চলছে প্রতিমায় রং করার কাজ।
১৯ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। এবারও জেলার সবচেয়ে বড় এবং বেশি প্রতিমাসজ্জিত পূজা হবে সদর উপজেলার হাকিমপুর গ্রামের সিকদারবাড়ি। লিটন সিকদার নামের এক ব্যবসায়ী সেখানে কয়েক বছর ধরে এই পূজার আয়োজন করে আসছেন। গত বছর ওই মণ্ডপে ছিল ৬০১টি প্রতিমা। এ বছর ৬৫১টি প্রতিমা গড়া হয়েছে।
ভাস্কর মিলন বাছাড় বলেন, ‘আমাদের পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারতের চার যুগের দেব–দেবীর নানা কাহিনি অবলম্বনে প্রতিমা তৈরি করা হয়েছে। প্রায় পাঁচ মাস ধরে ১৫ জন কারিগর নিপুণ হাতে গড়েছেন এসব প্রতিমা। শেষ সময়ে রংতুলির কাজ পুরোদমে চলছে।’
পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, জেলায় এ বছর ৬০৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। কঠোর নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। সব ধরনের প্রস্তুতি রয়েছে পুলিশের।