বাগেরহাটে ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে একটি হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির ছয় সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম আজ মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত একজনকে বেকসুর খালাস দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজন এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁদের কঠোর পুলিশ পাহারায় বাগেরহাট কারাগারে পাঠানো হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন খুলনার রূপসা উপজেলার গোয়ালবাথান গ্রামের দুই ভাই আবদুল শেখ ও আব্বাস শেখ, একই গ্রামের আজমল হোসেন, রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের আবদুর রহমান, পাঁচালী গ্রামের আরিফ শেখ এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা চারাবটতলা গ্রামের মাসুদ রানা। তাঁদের মধ্যে আবদুর রহমান পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন আবদুল মতিন গাজী।

আদালত সূত্র ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর রাতে দণ্ডপ্রাপ্তরা রূপসা উপজেলার গিলাতলা গ্রামের ঠিকাদার ও মাছ ব্যবসায়ী শেখ শফিউজ্জামানকে পার্শ্ববর্তী বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা চারাবটতলা গ্রামে গলা কেটে হত্যা করেন। এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নাসিমা বেগম ফকিরহাট থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র মালি তদন্ত শেষে ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলার শুনানিকালে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

আদালতে সংরক্ষিত তথ্য অনুযায়ী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুদ রানা পুলিশের হাতে আটক হয়ে ২০০৬ সালের ২৯ অক্টোবর এই মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি তাঁর জবানবন্দিতে স্বীকার করেন, পূর্ব বিরোধের জের ধরে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির দণ্ডপ্রাপ্ত এই সদস্যরা মুঠোফোনে শফিউজ্জামানকে ঘটনাস্থলে ডেকে নিয়ে হত্যা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বাগেরহাট আদালতের সরকারি কৌঁসুলি মোহম্মদ আলী এবং আসামিপক্ষে ছিলেন ফরিদ উদ্দিন আহমেদ।