বাগেরহাটে জমেছে ঈদের কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ছবিটি গতকাল বাগেরহাট শহরের বণিকপট্টি সড়ক থেকে তোলা l প্রথম আলো
ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ছবিটি গতকাল বাগেরহাট শহরের বণিকপট্টি সড়ক থেকে তোলা l প্রথম আলো

পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে জমে উঠতে শুরু করেছে বাগেরহাটের ঈদবাজার। দোকানগুলোতে ক্রেতাসমাগমের পাশাপাশি বিক্রি বাড়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। তবে ক্রেতারা বলছেন, সব ধরনের পোশাকের দামই বেশি।
বিক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি ভালো নয়। ১৬ রোজা পর্যন্ত তেমন কোনো বিক্রিই হয়নি। তবে ১৭ রোজা থেকে ক্রেতা আসতে শুরু করেছেন, বিক্রিও হচ্ছে। ঈদের আগের বাকি দিনগুলোতেও এভাবে বিক্রি হবে বলে আশা করছেন তাঁরা।
বাজার ঘুরে জানা গেছে, ঈদের বাজারে নারীদের পোশাকের চাহিদাই বেশি। তৈরি পোশাকের পাশাপাশি পছন্দের নকশার পোশাক তৈরিতে নারীরা ছুটছেন টেইলার্সগুলোতে। প্রসাধনী, গয়না ও জুতা-স্যান্ডেলের দোকানগুলোতেও ক্রেতা বাড়ছে।
শিশুদের পোশাক বিক্রি হচ্ছে বেশি। নারীদের পোশাকে ভারতীয় বিভিন্ন সিরিয়াল ও এর চরিত্রের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা কিরণমালা, কটকটির পোশাকের পাশাপাশি ফ্লোর টাচ, লেহেঙ্গা ও জর্জেটের থ্রি-পিসের চাহিদাও রয়েছে। ছেলেদের পোশাকের ক্ষেত্রে জিনস প্যান্ট, টি-শার্টের পাশাপাশি পাঞ্জাবির বিক্রিও ভালো।
শহরের চারু ফ্যাশনের বিক্রেতা অমিত বিশ্বাস গতকাল মঙ্গলবার বলেন, ‘অন্যান্য বার রোজার শুরু থেকেই গ্রাহক আসতে থাকেন, বিক্রিও হয় ভালো। কিন্তু এবার আজকেই সবচেয়ে বেশি গ্রাহক আসছেন।’
দুই মেয়েকে নিয়ে ঈদের পোশাক কিনতে আসা শরমিন সুলতানা বলেন, গত বছরগুলোর চেয়ে এবার সব ধরনের পোশাকের দামই বেশি। ভালো ডিজাইন হলেও অনেক ক্ষেত্রে কাপড়ের মান ভালো নয়। পোশাকের মতো জুতাসহ অন্যান্য জিনিসেরও দাম বেশি।