বাগেরহাটে জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ ৩০ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে গতকাল সোমবার বাগেরহাটের আদালতে মামলা হয়েছে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আবুল কালাম মুহম্মদ ইউসুফ এবং জেলার মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মিয়া আব্বাস উদ্দিনসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা জয়নাল ফকিরের স্ত্রী আছিয়া খাতুন গতকাল দুপুরের দিকে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ইয়ার রব হোসেনের আদালতে এ মামলা করেন। মামলাটি তালিকাভুক্ত করতে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।মামলায় শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার আবদুল কাদের চৌকিদার, আবদুস ছাত্তার খান, সেকেন্দার হাওলাদার, আবদুর রব হাওলাদার, নজির মৃধা, আতাহার হাওলাদার, মোসলেম আকন, আলতাফ খান, মতিয়ার রহমান, আবুল হারেজ খান, সুলতান মৃধা, নূর উদ্দীন মৃধাসহ আরও ২৮ জনকে আসামি করা হয়েছে। আরজিতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় ৯ জুন বাদীর স্বামী জয়নাল ফকির কয়েকজন মুক্তিযোদ্ধাসহ শরণখোলার তাফালবাড়ী বাজারে যান। এ সময় মামলার প্রধান আসামি ইউসুফের নেতৃত্বে অন্য আসামিরা মুক্তিযোদ্ধাদের ধাওয়া করে। অন্যরা আত্মরক্ষা করতে সক্ষম হলেও তারা জয়নাল ফকিরকে ধরে ফেলে। আসামিরা জয়নালকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে তাফালবাড়ী খালে ফেলে গুলি ছুড়ে হত্যা করে। শরণখোলা থানার ওসি নিজাম উদ্দিন জানান, মামলার কাগজপত্র পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এর আগে গত ৪ ডিসেম্বর আবুল কালাম মুহম্মদ ইউসুফ, মিয়া আব্বাসসহ ৩৬ জনের বিরুদ্ধে দুই মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে বাগেরহাটের আদালতে একটি মামলা হয়।