বাগেরহাটে জামায়াতের নায়েবে আমিরসহ গ্রেপ্তার ২
বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রেজাউল করিম (৫০) ও শিবিরকর্মী আল আমিনকে (২২) গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের মুক্তির দাবিতে গতকাল ভোর থেকে জামায়াত-শিবির কর্মীরা শহরের বিভিন্ন স্থানে মিছিলের প্রস্তুতি নেয়। শহরের মিঠাপুকুর মসজিদ এলাকায় ভোরে তারা একটি ঝটিকা মিছিলও করে। পরে শহরের দশানী এলাকা থেকে মাওলানা রেজাউল করিম ও আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল ওয়াদুদ বলেন, তাঁরা শহরে কোনো মিছিলের কর্মসূচি নেয়নি। তবে ছাত্রশিবির ভোরে শহরে একটি বিক্ষোভ মিছিল করেছে। ওই দুজনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।