বাগেরহাটে জাল জাতীয় পরিচয়পত্র ও সনদ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের নূর মসজিদ মোড়ে ‘নূর কম্পিউটার্স সিস্টেম’ নামের একটি কম্পিউটার ও ফটোকপির দোকান থেকে গত সোমবার সন্ধ্যায় জাল জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জাল সনদপত্রও উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।আটক হওয়া ব্যক্তিরা হলেন নূর কম্পিউটার্স সিস্টেমের স্বত্বাধিকারী নূরুল ইসলামের বাবা সাদেক আলী (৬৫), কম্পিউটার প্রশিক্ষক আবদুস সবুর (৩২) ও প্রশিক্ষণার্থী শহিদুল ইসলাম (১৮)। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় তিনি ব্যক্তিগত কম্পোজের কাজ করাতে ওই দোকানে যান। কম্পোজ চলাকালে একপর্যায়ে এক ব্যক্তি সেখানে গিয়ে তার জাতীয় পরিচয়পত্রটি তৈরি হয়েছে কি না, তা আবদুস সবুরের কাছে জানতে চায়। আবদুস সবুর ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বের করলে তা জাল বলে ইউএনওর সন্দেহ হয়। মোবাইল ফোনে বিষয়টি তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ (এডিএম) একাধিক ম্যাজিস্ট্রেট ও সদর থানার পুলিশকে জানান।এ সময় জাতীয় পরিচয়পত্র নিতে আসা ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আবদুস সবুর তড়িঘড়ি বেশ কিছু তথ্য কম্পিউটার থেকে মুছে ফেলেন। পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানের কম্পিউটার ঘেঁটে ফটোশপে কাজ করা জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন পরীক্ষার সনদপত্র জাল করার নমুনা পাওয়া যায়। পুলিশ দোকানের কম্পিউটারের দুটি সিপিইউ, দুটি জাল জাতীয় পরিচয়পত্র ও বেশ কিছু জাল সনদপত্র জব্দ করে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম বলেন, আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।