বাগেরহাটে ট্রলারডুবি: আরও তিন মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানের চতুর্থ দিন শুক্রবার সকাল সাতটা থেকে সোয়া নয়টার মধ্যে পানগুছি নদীর ফেরিঘাট, কাঁঠালতলা ও সোনাখালী এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি উদ্ধার করেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

এ নিয়ে চার দিনে নারী, দুই শিশুসহ মোট ১৭ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা।

সকালে উদ্ধার হওয়া তিন নারীর পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের পুলিশ সদস্য জাহিদুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম (৩২), মোরেলগঞ্জ উপজেলার বারইখালি গ্রামের বশির শেখের স্ত্রী লাবনী বেগম (১৮) ও পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের খলিল তালুকদারের স্ত্রী মোসাম্মৎ নাসরিন (২৮)।
এদিকে নিখোঁজের তালিকায় থাকা তিনজনের মধ্যে মোরেলগঞ্জের উত্তর সুতালড়ী গ্রামের আবদুল আজিজের স্ত্রী মোসাম্মৎ কামরুন্নেছাকে (৫৮) তাঁর বাড়িতে পাওয়া গেছে। এখনো অন্তত দুটি শিশু নিখোঁজ রয়েছে। তারা হলো শরণখোলা উপজেলার পল্লিমঙ্গল এলাকার মো. বাচ্চু বাদশার দশ মাস বয়সী ছেলে রাহাত বাদশা ও রায়েন্দা এলাকার মো. মহসীনের ছেলে মো. হাসিব (৬)।

গত মঙ্গলবার বেলা ১১টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে পানগুছি নদীতে ট্রলারটি ডুবে যায়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদুর রহমান সরদার বলেন, শুক্রবার সকালে পানগুছি নদীর তিনটি পৃথক স্থান থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাঁদের পরিচয় শনাক্তের পর পুলিশের মাধ্যমে স্বজনদের মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।