বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে আজ মঙ্গলবার ট্রলারডুবির ঘটনায় চার নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে নারী ও শিশুসহ অন্তত ১৮ জন। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে প্রশাসন।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ছোলমবাড়িয়া খেয়াঘাট থেকে পুরাতন থানাঘাটের উদ্দেশে যাচ্ছিল। বেলা ১১টার দিকে ট্রলারটি থানাঘাটের কাছাকাছি স্থানে কাত হয়ে ডুবে যায়। দুর্ঘটনার পর চার নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছেন। ঘটনার পর নদী তীরের স্থানীয় বাসিন্দারা ভাসমান অবস্থায় অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার করে।
নিহত চারজন হলেন মোরেলগঞ্জের কালিকাবাড়ি গ্রামের সুফিয়া বেগম (৬০) ও তাঁর মেয়ে বিউটি বেগম (৩৮), ফুলহাতা গ্রামের নাদেরা বেগম (২০) এবং গোয়াবাড়িয়া গ্রামের সিয়ার বানু (৫০)।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রলারটির স্বাভাবিক ধারণক্ষমতা ৪০ থেকে ৫০ জন। অতিরিক্ত যাত্রীবোঝাই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন থেকে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে, যেখানে নারী ও শিশুসহ ১৮ জন নিখোঁজের দাবি করেছেন স্বজনেরা।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হায়দার আলী আকন বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে নদীতে উদ্ধারকাজ শুরু করে। দুপুর সোয়া তিনটার দিকে মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মনিরুজ্জামান মিঠু চার নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃতদের মধ্যে এক নারী ও এক শিশুকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেবেকা খানসহ দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, ট্রলারডুবির ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে কার গাফিলতিতে, কীভাবে ট্রলারটি ডুবল, তা তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রশিদকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের ওই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে জেলা প্রশাসনের তিনজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের একজন করে কর্মকর্তাকে রাখা হয়েছে।