বাগেরহাটে ট্রলারডুবিতে উদ্ধার করা হয়েছে আরও ৯ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পানগুছি নদীতে ট্রলারডুবির ঘটনায় মা-ছেলেসহ আরও নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর চরকিশোরগঞ্জ এলাকায় গতকাল সন্ধ্যায় ট্রলার ডুবে চারজনের মৃত্যু হয়েছে। দুই ঘটনা মিলিয়ে গতকাল রাত পর্যন্ত কমপক্ষে ২১ যাত্রী নিখোঁজ ছিলেন।
গতকাল লাশ উদ্ধারের পর মোরেলগঞ্জের ট্রলারডুবিতে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। সেখানে নিখোঁজ রয়েছেন অন্তত ৬ জন।
গতকাল পানগুছি নদীর ১৫ কিলোমিটার অংশের বিভিন্ন স্থান থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন মোরেলগঞ্জ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সালমা বেগম (৩০), তাঁর ১৮ মাস বয়সী ছেলে মো. সাজ্জাদ, একই উপজেলার কাছিকাটা গ্রামের মো. আবদুল মজিদ শেখ (৭৫), নাসির শেখের ছেলে নাজমুল (৬), আলতি বুরুজবাড়িয়া গ্রামের সুলতান হাওলাদার (৫৫), হোগলাবুনিয়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫), বুরুজবাড়িয়া গ্রামের আনছার হাওলাদার (৫০), গোপালপুর গ্রামের মুন্নি বেগম (৪০) এবং শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের বাসিন্দা আবির আল শামস্ (১৫)।
নিখোঁজ ছিলেন মোরেলগঞ্জের বারইখালী গ্রামের লাবণী (২০), উত্তর সুতালড়ী গ্রামের কামরুন্নেছা (৫৮), শরণখোলার পল্লীমঙ্গল এলাকার মো. বাচ্চু বাদশার ছেলে রাহাত বাদশা (১০ মাস), একই উপজেলার খজুরবাড়ীয়া গ্রামের নাছিমা, রায়েন্দা এলাকার মো. মহসীনের ছেলে হাসিব (৬) এবং পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার নাসরিন (২৮)।
গত মঙ্গলবার সকালে উপজেলার ছোলমবাড়িয়া খেয়াঘাট থেকে মোরেলগঞ্জ পুরোনো থানার ঘাটে যাওয়ার পথে ৫০ জনের বেশি যাত্রী নিয়ে ট্রলারডুবির এই ঘটনা ঘটে।
এদিকে গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে ট্রলার ডুবে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ছিলেন ১৫ যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে ঢাকার রামপুরা থেকে বেলতলী ল্যাংটার মেলায় যাওয়ার জন্য ৯০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রওনা হয়। মেঘনা নদীর চরকিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় লোকজন অনেক যাত্রীকে উদ্ধার করেন।
পরে ঢাকার রামপুরার বাসিন্দা আবদুস সাত্তার (৪০), জোহরা বেগম (৭২) ও কাঞ্চন বেগমের (৬৮) মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে অজ্ঞাত এক শিশু মারা যায়।
মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের পরিদর্শক মন্টু বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তিনটি লাশ উদ্ধার করেছেন। মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাত এক শিশু মারা যায়। অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নিখোঁজ যাত্রীদের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। উদ্ধারকাজে ঢাকার ডুবুরি দল যোগ দিয়েছে।